জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-র স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্বশুরবাড়ির সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইকরার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঘটনার সময় বাসাতেই তিনি ছিলেন। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ইকরার চাচা বিপু খান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শোনার পর তিনি ময়মনসিংহের ভালুকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং পরিবারের সদস্যরা দ্রুত রাজধানীতে আসছেন।
তথ্য অনুযায়ী, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে ‘প্রিয়মায়া’ নামে একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত ও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।