বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমে তথ্য সংগ্রহ বা বিতরণের কাজে কোনো দলীয় নেতাকর্মী যুক্ত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এটি একটি ইউনিভার্সাল কার্ড, যার আওতায় দেশের কোনো পরিবার বাদ যাবে না। বিশেষ করে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন।
তিনি আরও জানান, একটি মহল ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং কার্ডের বিনিময়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে এবং আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী জনগণকে কোনো প্রকার প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ কার্ডের বিনিময়ে অর্থ বা সুবিধা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানাতে হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিতভাবে এই কার্যক্রম তদারকি করবেন, যাতে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ নিশ্চিত করা যায়। কড়াইল বস্তি, ময়মনসিংহসহ কয়েকটি স্থানে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে প্রায় আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এটি কোনো রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিবেচনায় নয়, বরং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি সামাজিক সুরক্ষা উদ্যোগ।