October 18, 2026, 2:32 pm

আশুরার চেতনা ধারণ করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2020
  • 521 Time View

বার্তা বিভাগ :
পবিত্র আশুরার চেতনা এবং মর্মবাণী অন্তরে ধারণ করে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন। তিনি বলেন, পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবার আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি।
শেখ হাসিনা বলেন, মহান আল্লাহ বিপদে মানুষের ধৈর্য্য পরীক্ষা করেন। এ সময় সকলকে অসীম ধৈর্য্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।
তিনি বলেন, আমরা সকলে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পাই। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution