October 19, 2026, 4:11 pm

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৬ সেপ্টেম্বর শুরু : টার্গেট সাড়ে ১২ লাখ শিশু

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2020
  • 621 Time View

চট্টগ্রাম অফিস :
প্রায় সাড়ে ১২ লাখ শিশুকে এবছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে দুই সপ্তাহ ধরে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি জানান, এবছর চট্টগ্রাম জেলায় ১২ লাখ ৬৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে মহানগরে ৪ লাখ ৮১ হাজার এবং ১৪টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল।
সিভিল সার্জন আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এতে জেলার ১৪টি উপজেলায় ৬-১১ মাস বয়সী ৮৮ হাজার ৭১৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৬ লাখ ৯৮ হাজার ৫২০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে ৬-১১ মাস বয়সী ৮১ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সাড়ে ৪ লাখ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. উ খ্য উইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফুল ইসলাম ও জেলা পুলিশ পরিদর্শক (ডিবি) মো. শাহ আলম।
সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনার পাশাপাশি শিশুদের এই ক্যাপসুল গ্রহণের ব্যাপারে অভিভাবকদের সচেতনতার উপরও গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution