October 19, 2026, 4:12 pm

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণে অর্ধশত দগ্ধ

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2020
  • 541 Time View

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণে অর্ধশত দগ্ধ

বার্তা বিভাগ :
নারায়ণগঞ্জ জেলা শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে প্রায় অর্ধশত মুসল্লি দগ্ধ হয়েছেন।
৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বায়তুস সালাত জামে মসজিদে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিস্ফোরণে মসজিদটির ছয়টি এসি পুড়ে গেছে। গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরে থাকা অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। দগ্ধ মুসল্লিরা মসজিদ থেকে বাইরে ছুটে এসে সড়কে জমে থাকা পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন। বিস্ফোরণে ভেঙে গেছে মসজিদের দরজা-জানালার কাঁচ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনকে ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ওই মসজিদের সামনের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ধারণা করা হচ্ছে এসি চালানের সময় জানালা বন্ধ থাকায় ওই গ্যাস ভেতরে জমা হয়ে যায়। হঠাৎ করে কেউ বৈদ্যুতিক সুইচ অফ-অন করতে গেলে স্পার্ক থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। পানি দেওয়ার সময় বুদ বুদ করে গ্যাস বের হচ্ছিল। বিস্ফোরণে অনেক মানুষ দগ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে রাতে হাসপাতালে আসা আহতদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। হাসপাতালের মূল ফটকের বাইরে প্রচুর মানুষ জড়ো হয়ে খোঁজ নিতে দেখা গেছে। হাসপাতালের ডাক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা আহতদের দ্রুত চিকিৎসা শুরু করতে হিমশিম খেতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution