রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) দিনব্যাপী এ কর্মসূচি চলার কথা থাকলেও একই ভেন্যুতে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান থাকায় সময় সংক্ষিপ্ত করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবদম্পতির অনুষ্ঠান যেন নির্ধারিত সময়মতো শুরু হতে পারে, সেজন্য আগেই কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়।
পরে তারেক রহমান নব বর-কনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় উপস্থিত অতিথিদের অনেকেই তার এই আচরণকে সৌজন্যমূলক ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথি বলেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান প্রদর্শন ইতিবাচক বার্তা বহন করে।