October 23, 2026, 8:17 am

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন : বরণের ব্যাপক প্রস্তুতি

Reporter
এমরানুল ইসলাম মুকুল:
  • Update Time : Monday, August 19, 2024
  • 364 Time View

অবশেষে কারাগার থেকে মুক্তি পেতে চলেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলের অবিসংবাদিত বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ। আগামীকাল ২০ আগস্ট মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
হাইকোর্ট থেকে তাঁকে দেয়া জামিন আজ সোমবার বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপীল বিভাগ। ফলে ৮ বছরেরও বেশি সময় কারাগারে থাকা আসলাম চৌধুরীর মুক্তিতে আর কোনো বাধা নেই। ২০১৬ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন। বিদায়ী আওয়ামী লীগ সরকারের দেয়া রাষ্ট্রদ্রোহ সহ ৭৬ টি মামলায় বন্দি ছিলেন তিনি।
এদিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তি এবং তাঁকে সাদরে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দীন বলেন, লায়ন আসলাম চৌধুরীর জামিনের খবর ছড়িয়ে পড়তেই নেতা, কর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর নেতাকে বরণ করতে মুখিয়ে আছেন সকলে। সাধারণ মানুষও আসলাম চৌধুরী ফেরার অপেক্ষায় উৎসুক রয়ে রয়েছেন বলে উল্লেখ করেন সালাউদ্দীন।
উত্তর জেলা কমিটির সদস্য মো. জহুরুল আলম জানান, মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হবেন আসলাম চৌধুরী। নেতাকর্মীরা তাঁকে বরণ করে কোতোয়ালী মোড় হয়ে স্টেশন রোড দিয়ে টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড় হয়ে জাকির হোসেন রোড দিয়ে একে খান মোড় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সীতাকুণ্ডে ফিরবেন তিনি।
জহুরুল আলম আরও জানান, চট্টগ্রাম সিটি গেইট, ফৌজদারহাট, বানুবাজার, ভাটিয়ারী, বারআউলিয়া, ছোট কুমিরা, বাড়বকুণ্ড এলাকায় নেতাকর্মীরা জমায়েত থেকে তাঁকে অভিনন্দন জানাবেন। এই রোডে সীতাকুণ্ড বাইপাস দিয়ে তিনি বড় দারোগারহাট গিয়ে জন সমাবেশে বক্তব্য রাখবেন। সেখান থেকে ফেরার পথে সীতাকুণ্ড পৌরসদরে জনসভায় বক্তব্য রাখবেন।
পরে তিনি নিজ বাড়িতে ফিরে তাঁর পারিবারিক কবরস্থান জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।
আসলাম চৌধুরী ফিরলে সীতাকুণ্ড তথা উত্তর জেলা বিএনপি নেতাকর্মীরা অনেক উজ্জীবিত হবেন বলে মনে করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution