October 22, 2026, 2:07 am

কঠোর লকডাউন বাড়ছে আরও ৭ দিন : ঈদে শিথিল হতে পারে

Reporter
বার্তা বিভাগ :
  • Update Time : Monday, April 19, 2021
  • 615 Time View

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান ‘কঠোর’ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এব্যাপারে এখনও নতুন প্রজ্ঞাপন জারি হয়নি। এদিকে ঈদের আগে লকডাউনের বিধি-নিষেধ শিথিল হতে পারে বলে আভাস দিয়েছেন ওবায়দুল কাদের।
করোনা সংক্রমণ ঠেকাতে ১৩টি বিধি-নিষেধ আরোপ করে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করে সরকার। সেই সময় শেষ হওয়ার কথা আগামী ২১ এপ্রিল। এর আগেই আজ ১৯ এপ্রিল সোমবার লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধ (কঠোর লকডাউন) আগামী ২২ তারিখ থেকে আরও ৭ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ২৮ এপ্রিল বুধবার পর্যন্ত কঠোর বিধি-নিষেধ বলবৎ থাকবে। এ বিষয়ে আজ সোমবার অথবা আগামিকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে কঠোর লকডাউন ঈদুল ফিতরের আগে শিথিল হওয়ার আভাস দিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য এবং ধৈর্য ধরারও আহ্বান জানান।
প্রসঙ্গত, দ্বিতীয় দফা করোনা ঢেউ সামলাতে ১৮ দফা নির্দশনা দিয়ে প্রথমে ৫ থেকে ১১ এবং পরে আরও দুইদিন বাড়িয়ে বিধি-নিষেধ ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সেই লকডাউন ঢিলেঢালা হওয়ায় এবং সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ৮ দিনের কঠোর লকডাউন জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution