October 17, 2026, 9:56 am

মিরপুরে ভোটকেন্দ্র থেকে ২ সিসি ক্যামেরা চুরি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : Wednesday, February 11, 2026
  • 438 Time View

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা জানাজানি হয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বিদ্যালয়ের বাইরের অংশে (রাস্তার পাশে) স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে এলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত প্রশাসনকে অবহিত করে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় ক্যামেরা দুটি চুরি হয়েছে। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বুধবার সকালেই একই স্থানে নতুন ক্যামেরা প্রতিস্থাপন করা হবে বলেও জানান তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। চুরি যাওয়া ক্যামেরা দুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনটি ভেড়ামারা ও মিরপুর—এই দুই উপজেলা নিয়ে গঠিত। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution