October 19, 2026, 6:12 pm

শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি: জয়

Md Yousuf
  • Update Time : Wednesday, August 7, 2024
  • 258 Time View
শেখ হাসিনার

শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি: জয়
বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷

বাংলাদেশে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ তিনি বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে৷ আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান৷ তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই৷ তোমার এখনই বেরিয়ে যেতে হবে৷’

বাংলাদেশে কোটা আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয় এবং কয়েকশ প্রাণহানি হয়৷ শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে৷ তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমানে তাঁর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই৷ তিনি বলেন, ‘তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি৷ আমরা এখানে সেটেলড৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত’

শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তাঁর খুবই মন খারাপ৷’

জয় বলেন, ‘তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে৷ যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাঁকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution