October 17, 2026, 7:20 am

ইরানে হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারে আর বাধা নেই

Reporter Name
  • Update Time : Wednesday, December 25, 2024
  • 220 Time View

গুগল প্লেস্টোর ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। এর ফলে দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারে ও গুগল প্লেস্টোর অ্যাকসেস করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় যে, দেশটিতে ইন্টারনেট নিয়ন্ত্রণ শিথিল করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে গুগল প্লে ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
উল্লেখ্য, ইরান সরকার দেশটিতে ইন্টারনেটের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ করে আমেরিকা-ভিত্তিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, এক্স (পূর্বের টুইটার) ও ইউটিউব ব্যবহারে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় ইরানের জনগণকে। তবে দেশটির দক্ষ ইন্টারনেট ব্যবহারকারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন-এর মাধ্যমে ঠিকই অ্যাক্সেস করে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে’র মতো বিদেশী প্ল্যাটফর্মগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি)-এর বরাতে জানা যায়, অনুষ্ঠিত সভায় বেশিরভাগ সদস্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।
এদিকে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি বলেন, ‘আজ ইন্টারনেটের সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে…।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানে সরকার-বিরোধী আন্দোলনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এর প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধও আরও কঠোর হয়েছে। এদিকে গত সেপ্টেম্বরে আমেরিকা সরকার ইরানের মতো যেসব দেশ কঠোরভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে থাকে সেখানে ‘অনলাইন সেন্সরশিপ’ এড়াতে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের সহায়তা করার আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution