যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার খবর এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই মূল্যবান এ ধাতুর দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাজারের তথ্য অনুযায়ী, বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৪৪৫ ডলার ৮৯ সেন্টে। ২০২৫ সালের আগস্টের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। একই সঙ্গে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমেছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বাজার বিশ্লেষক ডেভিড মেগারের মতে, মূল্যস্ফীতির চাপ নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে থাকায় সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দামে চাপ পড়ে। স্বর্ণে বিনিয়োগ থেকে সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায়—এমন সম্পদের দিকে ঝুঁকতে পারেন। বাজারসংশ্লিষ্টদের ধারণা, ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরেই সুদের হার বাড়াতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর স্বর্ণের দাম এখন পর্যন্ত প্রায় ৩৭ শতাংশ কমেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। একই সময়ে শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। এর প্রভাব পড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে। বুধবার রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।