ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
গতকাল বুধবার (১৩ মে) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইয়াসিন চৌধুরী।
নিহতরা হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শহীদ। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দররাজার পাড়া এলাকার বাসিন্দা।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় চার ভাই বারকা এলাকায় ছিলেন। পরে তারা মুলাদ্দাহর দিকে রওনা দেন। রাত আনুমানিক ২টার দিকে মুলাদ্দাহ এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এক ভাই তার এক আত্মীয়কে ভয়েস বার্তা পাঠিয়ে জানান, তারা গুরুতর অসুস্থ বোধ করছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। ওই বার্তায় তাদের অবস্থানও শেয়ার করা হয়েছিল।
পরে রাতের দিকে স্থানীয় কয়েকজন প্রবাসী গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ার পর তারা নিকটবর্তী ক্লিনিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এদিকে, নিহতদের স্বজনরা এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। চার ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।