October 17, 2026, 11:21 am

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 323 Time View

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা চট্টগ্রামে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলমতের ঊর্ধ্বে উঠে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ ও ২০১৪ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ছিলেন। লাহোরে পড়াশোনার সময় থেকেই ছাত্র রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তিনি মহান মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

গত বছর ২৪-এর গণ-আন্দোলনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। গত বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Powered By WP Solution